ধুনটে মসজিদে হামলা ও ভাঙচুরের জেরে চরম উত্তেজনা, থানায় দুই পক্ষের মামলা

ম

মামুনুর রশিদ : জনতার দৃষ্টি

আপডেট: 1 month ago

ধুনটে মসজিদে হামলা ও ভাঙচুরের জেরে চরম উত্তেজনা, থানায় দুই পক্ষের মামলা
ধুনটে মসজিদ নিয়ে সংঘর্ষ ও ভাঙচুর: থানায় পাল্টাপাল্টি মামলা

বগুড়ার ধুনটে মসজিদ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-ভাঙচুর, পাল্টাপাল্টি মামলায় গ্রেপ্তার আতঙ্কে এলাকাবাসী

বগুড়ার ধুনট উপজেলায় রামনগর গ্রামে মসজিদ নিয়ে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ এবং মসজিদ ঘর ভাঙচুরের ঘটনায় অবশেষে থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের হয়েছে। আজ (২৭সেপ্টেম্বর) রবিবার দুপক্ষের দেওয়া অভিযোগ দুটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করেছে ধুনট থানা পুলিশ। ​থানা সূত্রে জানা যায়, এ ঘটনায় রামনগর গ্রামের মোজাহার আলীর ছেলে জাহিদুল ইসলাম বাদী হয়ে ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০-৩০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। অন্যদিকে, একই গ্রামের মীর বক্স আকন্দের ছেলে মোজাম্মেল হক আকন্দ বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ৩০-৩৫ জনকে আসামি করে আরেকটি মামলা দায়ের করেন। ​জাহিদুল ইসলাম তার এজাহারে উল্লেখ করেন, রামনগর পশ্চিমপাড়ায় বায়তুল মামুর জামে মসজিদে এলাকার সকল মুসল্লি দীর্ঘদিন ধরে নামাজ আদায় করে আসছিলেন। কিন্তু অভিযুক্তরা ৪-৫ বছর আগে ওই মসজিদের ৬০-৭০ গজ পূর্বে আবুল কালাম আজাদের ক্রয়কৃত জমি জবরদখল করে একটি টিনশেড মসজিদ নির্মাণ করেন। দীর্ঘদিনেও জমি দখলমুক্ত না হওয়ায় প্রায় দুই মাস আগে স্থানীয়ভাবে সালিশী বৈঠক হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, সকল মুসল্লিকে আগের মসজিদে নামাজ আদায় করতে এবং নতুন মসজিদ অপসারণ করে জায়গাটি দখলমুক্ত করার সিদ্ধান্ত নেন। ​কিন্তু সেই সিদ্ধান্ত বাস্তবায়িত না হওয়ায় গত শুক্রবার জুমার নামাজের পর আবুল কালাম আজাদ নতুন মসজিদে প্রবেশ করে জায়গাটি দখলমুক্ত করার অনুরোধ জানান। এ সময় অভিযুক্তরা তাকে মারধর করেন এবং তাকে রক্ষা করতে গিয়ে আরও কয়েকজন আহত হন। ​অপরদিকে, মোজাম্মেল হক তার মামলায় উল্লেখ করেন, গ্রামের মুসল্লিরা জমি ক্রয় করে বায়তুল মামুর জামে মসজিদ নির্মাণ করে নিয়মিত নামাজ আদায় করে আসছিলেন। কিন্তু একই গ্রামের আবুল কালাম আজাদ শুরু থেকেই মুসল্লিদের নামাজ আদায়ে বিভিন্নভাবে বাধা সৃষ্টি করে আসছেন। মসজিদের জমির মালিকানা নিয়ে আদালতে একটি মামলাও বিচারাধীন রয়েছে। ​অভিযোগে আরও বলা হয়, গত শুক্রবার আবুল কালাম আজাদ ও তার লোকজন মসজিদে এসে জুমার নামাজে বাধা দেন এবং মুসল্লিদের মারধর করে আহত করেন। এ সময় তারা মসজিদের টিনের বেড়া, ভেতরে থাকা ফ্যান, মাইক, সাউন্ডবক্সসহ অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করেন। ​এ বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, "দুপক্ষের অভিযোগই মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। পুলিশ অভিযোগ দুটি গুরুত্ব সহকারে তদন্ত করছে এবং প্রকৃত অপরাধীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।"
logo

আমাদের অনুসরণ করুন

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

প্রধান কার্যালয়: হাসপাতাল রোড হাই স্কুল মার্কেট, রুম নং ১৬, ধুনট বাজার, ধুনট, বগুড়া।

সম্পাদক ও প্রকাশক: শাহ আলম জীবন

কপিরাইট © ২০২১-২০২৫ জনতার দৃষ্টি

যোগাযোগ: jonotardristy@gmail.com | ফোন: 01537525161, 01715854785